শনিবার , ১৫ আগস্ট ২০২৬
Saturday , 15 August 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

খেলা

প্রকাশিত: ১৭:১২, ২৭ জুন ২০২৬

শেষ ৩২ নিশ্চিতের ম্যাচে মুখোমুখি ক্রোয়েশিয়া ও ঘানা

শেষ ৩২ নিশ্চিতের ম্যাচে মুখোমুখি ক্রোয়েশিয়া ও ঘানা

ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এ শেষ ৩২ নিশ্চিতের গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও ঘানা। পয়েন্ট তালিকায় মাত্র এক পয়েন্টের ব্যবধানে থাকা দুই দলের জন্যই ম্যাচটি ‘করো বা মরো’ পরিস্থিতি তৈরি করেছে। তবে সমীকরণে কিছুটা এগিয়ে রয়েছে ঘানা। একটি ড্র করলেই তারা নিশ্চিত করবে নকআউট পর্বের টিকিট। অন্যদিকে ক্রোয়েশিয়ার সামনে জয়ের বিকল্প নেই।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ক্রোয়েশিয়া। বদলি হিসেবে নেমে আন্তে বুদিমিরের একমাত্র গোলে মূল্যবান তিন পয়েন্ট তুলে নেয় জ্লাতকো দালিচের দল। তবে শেষ ম্যাচে ড্র করলে তাদের কোনো লাভ হবে না। তাই শেষ ৩২-এ জায়গা করে নিতে হলে ঘানার বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়তে হবে।

অন্যদিকে, প্রথম ম্যাচে পানামাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে দারুণ আত্মবিশ্বাসে রয়েছে ঘানা। পুরো ম্যাচে বলের দখল কম থাকলেও শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগের নৈপুণ্যে ইংল্যান্ডকে গোল করতে দেয়নি আফ্রিকার দলটি। বর্তমানে গোল ব্যবধানে শুধু ইংল্যান্ডের নিচে অবস্থান করছে ঘানা। ফলে এই ম্যাচে একটি ড্র-ই তাদের নকআউট নিশ্চিত করার জন্য যথেষ্ট।

ক্রোয়েশিয়া শিবিরে চোটজনিত কোনো সমস্যা নেই। তবে আগের ম্যাচে জয়সূচক গোল করা আন্তে বুদিমিরকে শুরুর একাদশে রাখা হবে কি না, সেটিই কোচের সবচেয়ে বড় সিদ্ধান্ত। অন্যদিকে ঘানার গোলরক্ষক লরেন্স আতি জিগি এখনো পুরোপুরি সুস্থ নন। তার পরিবর্তে আগের ম্যাচে দারুণ পারফরম্যান্স করা বেঞ্জামিন আসারে এবারও একাদশে থাকার সম্ভাবনাই বেশি।

অভিজ্ঞ লুকা মদরিচের নেতৃত্বে ক্রোয়েশিয়া নকআউটের স্বপ্ন বাঁচিয়ে রাখতে মরিয়া। অন্যদিকে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিতে ইতিহাস গড়ার অপেক্ষায় ঘানা।

সর্বশেষ

জনপ্রিয়