মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
Tuesday , 23 June 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:০৯, ২২ জুন ২০২৬

অস্ট্রিয়ার চ্যালেঞ্জ নিয়ে সতর্ক আর্জেন্টিনা, মাঝমাঠে কঠিন লড়াইয়ের আভাস

অস্ট্রিয়ার চ্যালেঞ্জ নিয়ে সতর্ক আর্জেন্টিনা, মাঝমাঠে কঠিন লড়াইয়ের আভাস

ফিফা বিশ্বকাপে দুর্দান্ত সূচনার ধারাবাহিকতা ধরে রাখতে মুখিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে বলে মনে করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তার মতে, প্রতিপক্ষের আগ্রাসী মাঝমাঠ আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় ডালাসে মুখোমুখি হবে দুই দল। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ জিতে সমান ৩ পয়েন্ট নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনাই।

বিশ্বকাপের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অস্ট্রিয়া। সেই ম্যাচে মাঝমাঠে তাদের দাপুটে পারফরম্যান্স নজর কেড়েছে ফুটবলবিশ্বের। আর সেই কারণেই প্রতিপক্ষকে নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন এনজো ফার্নান্দেজ।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার ধারণা, তারা আক্রমণাত্মক ফুটবল খেলবে এবং মাঝমাঠে খুবই আগ্রাসী থাকবে। তবে আমরা পুরো সপ্তাহজুড়ে নিজেদের পরিকল্পনা নিয়ে কাজ করেছি। আশা করছি মাঠে সেটির সফল বাস্তবায়ন করতে পারব।”

প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন চেলসি তারকা ফার্নান্দেজ। ওই ম্যাচে তাকে স্বাভাবিক অবস্থানের চেয়ে কিছুটা নিচে নেমে খেলতে দেখা যায়। এ বিষয়ে তিনি বলেন, দলের প্রয়োজন ও কোচের নির্দেশনাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

“কোচ আমাকে যে দায়িত্ব দেন, সেটাই পালন করার চেষ্টা করি। এই পজিশনে আগেও খেলেছি এবং আমি এতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমাদের খেলার ধরন অনেক নমনীয়, যা দলের অন্যতম বড় শক্তি,” বলেন তিনি।

দলে জায়গা নিয়ে প্রতিযোগিতার প্রসঙ্গেও কথা বলেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার। তার মতে, আর্জেন্টিনা দলে কেউই নিজের জায়গাকে নিশ্চিত বলে ধরে নিতে পারে না।

ফার্নান্দেজ বলেন, “কে খেলবে সেই সিদ্ধান্ত কোচের। সুযোগ পেলেই দেশের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। এটাই আমার একমাত্র লক্ষ্য।”

সর্বশেষ

জনপ্রিয়