স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তি, ফিরছেন নেইমার
পেশির চোটের কারণে মরক্কো ও হাইতির বিপক্ষে ব্রাজিলের দুটি ম্যাচে মাঠে নামতে পারেননি তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সুখবর দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং আগামী ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, সোমবার থেকে নেইমার পুরো দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তাকে প্রস্তুত করা হচ্ছে এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে মাঠে দেখা যেতে পারে ব্রাজিলের এই তারকাকে।
ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলের হয়ে ১২৯ ম্যাচে করেছেন ৭৯ গোল। চোট নিয়েই তিনি বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত দলের কোনো পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এদিকে, বিশ্বকাপে ব্রাজিলের হয়ে টানা দ্বিতীয়বার ‘ম্যান অব দ্য ম্যাচ’ হওয়া ভিনিসিয়ুস জুনিয়রও নেইমারের ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, “নেইমার আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমরা আশা করছি, স্কটল্যান্ডের বিপক্ষেই তাকে মাঠে দেখতে পাব।”
ভিনিসিয়ুস আরও বলেন, “তার চোট থেকে ফেরার অগ্রগতি আমাদের জন্য ইতিবাচক খবর। দলের সঙ্গে তার উপস্থিতি সবাইকে অনুপ্রাণিত করে। নেইমার আমার আদর্শ এবং সবসময় আমাকে সমর্থন দিয়েছেন। আশা করি, তিনি দ্রুত মাঠে ফিরে পুরো বিশ্বকাপজুড়ে দলকে সাহায্য করবেন।”
নিজের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাওয়া নেইমার গত ১৭ মে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে পেশিতে চোট পান। এরপর তার শারীরিক অবস্থার সর্বশেষ মূল্যায়নের জন্য সম্প্রতি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে বাম হাঁটুর এসিএল ইনজুরিতে পড়ার পর থেকেই ছন্দে ফিরতে সংগ্রাম করছেন নেইমার। তাই এবারের বিশ্বকাপ স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা নিয়েও ব্রাজিলে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছিল। তবে সুস্থ হয়ে ফেরার পথে থাকায় ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।





































