সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
Monday , 23 November 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৮:২৬, ২২ নভেম্বর ২০২৬

লন্ডনের চ্যাডওয়েল হিথের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং নিরপেক্ষ তদন্তের দাবি।

লন্ডনের চ্যাডওয়েল হিথের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং নিরপেক্ষ তদন্তের দাবি।

গত ১৬ নভেম্বর লন্ডনের চ্যাডওয়েল হিথে (Chadwell Heath) নাহিদ ইসলামের অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ও সহিংস ঘটনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে জড়িয়ে বিভিন্ন মহলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এই ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি এবং এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক পরিবেশ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে। সরকার পরিবর্তনের পরপরই দেশে এক ধরনের মব সংস্কৃতি, গণপিটুনি এবং চরম বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করা হয়। ওই অস্থিতিশীল পরিস্থিতিতে নাহিদ ইসলাম ও তার নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকায় ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত অসংখ্য স্থাপনায় নজিরবিহীন ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালানো হয়। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে।

রাজনৈতিক প্রতিহিংসার বলি হন নাহিদ ইসলাম ও তার নেতৃত্বাধীন এনসিপি, জামায়াতে ইসলামী এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের বিশেষ করে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীকে হত্যা করা হয়। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকদেরকেও হত্যা করা হয়। তারা প্রকাশ্য দিবালোকে শত শত পুলিশ অফিসারকে হত্যা করে, পাঁচ শতাধিক থানায় অগ্নিসংযোগ করে এবং থানার সংগৃহীত অস্ত্র লুটপাট করে।

লক্ষ লক্ষ নেতাকর্মীকে ভিত্তিহীন ও মিথ্যা মামলায় জড়ানো হয়েছে এবং অনেককে পরিকল্পিতভাবে মব তৈরি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, দেশের প্রধান নদীগুলো, বিশেষ করে পদ্মা, মেঘনা ও যমুনায় অজ্ঞাতনামা মরদেহ ভেসে আসার ঘটনা, যাদের অনেকের পরিচয় পরবর্তীতে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী হিসেবে শনাক্ত হয়েছে।

বাংলাদেশের অভ্যন্তরে ঘটে যাওয়া এসব ধারাবাহিক নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাজ্যে বসবাসরত ভুক্তভোগী পরিবারগুলোর সদস্য এবং সাধারণ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ পুঞ্জীভূত হয়েছে। এই প্রেক্ষাপটেই নাহিদ ইসলামের যুক্তরাজ্যে আগমনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে বিক্ষোভ দানা বাঁধে। এরই ধারাবাহিকতায়, চ্যাডওয়েল হিথে আয়োজিত নাহিদ ইসলামের কর্মসূচির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং নিপীড়িত পরিবারগুলোর সদস্যরা সম্পূর্ণ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে তাদের প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেন। প্রবাসের মাটিতে এই শান্তিপূর্ণ অবস্থান মূলত দেশে চলমান বিচারহীনতা, রাজনৈতিক নিপীড়ন এবং ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের বিরুদ্ধে ভুক্তভোগী মানুষের ন্যায়বিচার ও প্রতিবাদেরই একটি স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ।

এখানে স্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন যে, যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রতিবাদকারীদের ন্যায়সংগত আদর্শ ও দাবির সঙ্গে নীতিগতভাবে সহমত পোষণ করে। তবে চ্যাডওয়েল হিথে দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে কোনো কর্মসূচি আয়োজন করা হয়নি। সুতরাং, সংশ্লিষ্ট যেসব মহল এই ঘটনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগকে জড়িয়ে দোষারোপ করার অপচেষ্টা চালাচ্ছে, আমরা মনে করি তা সম্পূর্ণরূপে রাজনৈতিক দুরভিসন্ধিমূলক এবং প্রকৃত ঘটনা আড়াল করার একটি হীন প্রয়াস মাত্র।

যুক্তরাজ্য আওয়ামী লীগ দৃঢ়ভাবে বিশ্বাস করে, শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তি। রাজনৈতিক মতপার্থক্যের জেরে যেকোনো ধরনের শারীরিক হামলা, ভয়ভীতি প্রদর্শন বা সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যুক্তরাজ্যের প্রচলিত আইন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জননিরাপত্তার প্রতি আমরা সর্বদা শ্রদ্ধাশীল।

লন্ডনের চ্যাডওয়েল হিথে নাহিদ ইসলামের অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমরা একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানাচ্ছি। তদন্ত সাপেক্ষে ওই ঘটনার নেপথ্যে কারা ছিল এবং কারা সহিংসতায় উসকানি বা সম্পৃক্ততা রেখেছে, তা তথ্য ও প্রমাণের ভিত্তিতে বেরিয়ে আসুক এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক—এটাই আমাদের জোর দাবি। তবে জবাবদিহিতা চাওয়ার নামে গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়া যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

পরিশেষে, আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত ও দায়িত্বশীল আচরণ করার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সত্য, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যুক্তরাজ্য আওয়ামী লীগ অতীতের মতো ভবিষ্যতেও বদ্ধপরিকর থাকবে।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: