সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
Monday , 23 November 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৮, ২১ নভেম্বর ২০২৬

“সশস্ত্র বাহিনী দিবস” উপলক্ষে বঙ্গবন্ধুকন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা

“সশস্ত্র বাহিনী দিবস” উপলক্ষে বঙ্গবন্ধুকন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা

২১ নভেম্বর “সশস্ত্র বাহিনী দিবস” উপলক্ষে আমি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের জীবন ও সম্পত্তি রক্ষায় আমাদের সশস্ত্র বাহিনী সবসময় পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দিয়ে আসছে। আজকের এই তাৎপর্যপূর্ণ দিবসে সশস্ত্র বাহিনীর সাবেক ও প্রয়াত সকলের ন্যায়নিষ্ঠ জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।

১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করে। বিশেষ করে, মিত্রবাহিনীর সাথে সফল সংযুক্তির মধ্য দিয়ে গঠিত “যৌথ কমান্ড” এই দিন থেকে যুদ্ধকে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত রূপ দেয়। মহান মুক্তিযুদ্ধের সেই ক্রান্তিলগ্নে সশস্ত্র বাহিনীর অবদান ও ঐতিহাসিক ভূমিকা আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সশস্ত্র বাহিনীর জন্ম ও বিকাশ অত্যন্ত গৌরবোজ্জ্বল। মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সুপ্রীম কমান্ডার হিসেবে ঘোষিত হন এবং তাঁর অনুপস্থিতিতে তাঁরই আদর্শ ও নামে গঠিত সরকারের নির্দেশনায় বাঙালি জাতি চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যায়। আমার দুই বীর মুক্তিযোদ্ধা ভাই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ছিলেন, সশস্ত্র বাহিনী পরিবারের একজন গর্বিত সদস্য হিসেবে মহান মুক্তিযুদ্ধে এবং দেশের প্রতিরক্ষায় জীবন উৎসর্গকারী সকল বীরদের আজ গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

জাতির এই ক্রান্তিকালে বেসামরিক নাগরিকদের মতো বহুমুখী সংকট, বিশেষ করে শোচনীয় অর্থনৈতিক পরিস্থিতি আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দকেও স্পর্শ করেছে এবং অনেক ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে। এসব সীমাবদ্ধতা সত্বেও সশস্ত্র বাহিনীর তরুণ সদস্যসহ সবার প্রতি আহ্বান জানাতে চাই- আপনারা কখনোই ভুলে যাবেন না যে, এই সশস্ত্র বাহিনী একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্টি হয়েছে। তাই মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ টিকিয়ে রাখা এবং সমুন্নত রাখা আপনাদের পবিত্র ও নৈতিক দায়িত্ব। দেশের যেকোনো সংকটময় মুহূর্তে আপনারা সংবিধান ও গণতন্ত্রের রক্ষাকর্তা হিসেবে জনগণের পাশে থাকবেন- এটাই দেশবাসীর প্রত্যাশা। আমার বিশ্বাস খুব শীঘ্রই এই ক্রান্তিকাল কাটিয়ে আমরা একটি সুষম রাষ্ট্রব্যবস্থায় যাত্রা শুরু করবো।

মহান মুক্তিযুদ্ধে এবং দেশের প্রয়োজনে আত্মদানকারী সশস্ত্র বাহিনীর সকল বীর শহীদের বিদেহী আত্মার মাগফেরাত ও চিরশান্তি কামনা করছি।
আমি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সাফল্য ও সকল সদস্যের সুস্বাস্থ্য কামনা করি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আঁধার কেটে ভোর হোক
বাংলাদেশ চিরজীবী হোক।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: