শনিবার , ১৫ আগস্ট ২০২৬
Saturday , 15 August 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আন্তর্জাতিক

প্রকাশিত: ২১:০৪, ২৭ জুন ২০২৬

পশ্চিমবঙ্গে ইউসিসি ও ‘লাভ জিহাদ’ বিরোধী আইন আনার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

পশ্চিমবঙ্গে ইউসিসি ও ‘লাভ জিহাদ’ বিরোধী আইন আনার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালু এবং ‘লাভ জিহাদ’ ও জোরপূর্বক ধর্মান্তরকরণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা জোরদার, অনুপ্রবেশ রোধ এবং রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার (২৬ জুন) কলকাতার রবীন্দ্র সদনে ‘বন্দে মাতরম’ গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

বক্তব্যে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, অবৈধ অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের জনমিতিক চিত্র পরিবর্তিত হচ্ছে, যা সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। তিনি বলেন, রামকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই ভূমিতে কোনো দেশবিরোধী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।

মুখ্যমন্ত্রী জানান, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলোতে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও নিজ দেশে ফেরত পাঠানোর জন্য ‘হোল্ডিং সেন্টার’ স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে দেশের নিরাপত্তা ও সংস্কৃতির ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া হিন্দুরা অনুপ্রবেশকারী নন; তারা ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারী।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘এক দেশ, এক বিধান, এক প্রধান, এক নিশান’ আদর্শের প্রতি তার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন শুভেন্দু।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান স্মরণ করে তিনি বলেন, ‘বন্দে মাতরম’ শুধু একটি গান নয়, এটি ভারতীয় জাতীয়তাবাদ ও দেশপ্রেমের এক অনুপ্রেরণার প্রতীক। এ উপলক্ষে প্রথমবারের মতো রাজ্য সরকারের উদ্যোগে নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্রের পৈতৃক ভিটা এবং কলকাতায় তার বাসভবনে রাষ্ট্রীয়ভাবে জন্মবার্ষিকী উদযাপনের আয়োজন করা হয়েছে।

এ সময় তিনি অভিযোগ করেন, আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বঙ্কিমচন্দ্রের কলকাতার বাসভবনে তালা ঝুলিয়ে তাকে সেখানে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: