মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
Tuesday , 11 August 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাজনীতি

প্রকাশিত: ২১:২৫, ১০ আগস্ট ২০২৬

হত্যাচেষ্টা মামলায় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি খায়রুল হকের ৬ মাসের জামিন

হত্যাচেষ্টা মামলায় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি খায়রুল হকের ৬ মাসের জামিন

রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে খায়রুল হককে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সায়লা শাজনীন শান্তা।

খায়রুল হকের আইনজীবী মোতাহার হোসেন সাজু জানিয়েছেন, তার বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন হওয়ায় কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। ওই দিন রাতেই যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত হত্যা ও হত্যাচেষ্টা, রায় ‘জালিয়াতি’ এবং দুর্নীতির অভিযোগে মোট নয়টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলার সবকটিতেই তিনি জামিন পেয়েছেন বলে জানান আইনজীবী মোতাহার হোসেন সাজু।

সর্বশেষ

জনপ্রিয়