সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিলার মৃত্যু: মূল সন্দেহভাজন ‘প্যারা পনি’ গ্রেপ্তার
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে বগুড়ার স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে ‘প্যারা পনি’কে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার এক সহযোগীকেও আটক করা হয়েছে।
রোববার গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় র্যাব-২ এ তথ্য জানিয়েছে। সংস্থাটি আরও জানায়, ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার পনির সহযোগীর নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। রোববার বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় র্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন স্কুলশিক্ষিকা রনজিলা পারভীন। শনিবার ভোরে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান রনজিলা।
পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।





































